চাল নয়, ফল দিয়ে তৈরি পায়েসেই হোক ভাইফোঁটা, রইল সহজ রেসিপি
West Bengal 09 Nov 2026, 03:56 PM

চাল নয়, ফল দিয়ে তৈরি পায়েসেই হোক ভাইফোঁটা, রইল সহজ রেসিপি

S
Sangbad Pratidin
@sangbadpratidin
চালের পায়েস তো প্রত্যেক বাঙালি বাড়িতেই তৈরি হয়। সিমাইয়ের পায়েস, সাবুর পায়েসও খাওয়া হয় প্রায়শই। তবে ফলের পায়েস খেয়েছেন কি কখনও? না খেলে ভাইফোঁটায় সহজ পদ্ধতিতে রান্না করুন নানা স্বাদের পায়েস। রইল রেসিপি।
আতার পায়েস
উপকরণ:
আতা: ১টা
চিনি: ২ কাপ
খোয়া ক্ষীর: হাফ কাপ
এলাচ গুঁড়ো: ২-৩ চামচ
প্রণালী:
আতা থেকে বীজ বের করে নিন। এরপর শাঁস পিষে বের করুন। এবার দুধ ঢিমে আঁচে বসিয়ে দিন। তার মধ্যে ধীরে ধীরে চিনি এবং খোয়া ক্ষীর মেশান। ভালো করে দুধ নাড়তে থাকুন। দুধের মধ্যে এলাচ গুঁড়ো নিন। দুধ ঘন হয়ে গেলে আতা দিন। তবে দুধ আর বেশি ফোটাবেন না। খানিকক্ষণ নেড়েই বন্ধ করে দেবেন। ব্যস আতার পায়েস তৈরি। ঠান্ডা হলে তা পরিবেশন করুন।

আপেলের পায়েস
উপকরণ:
আপেল: ১টি বড়
দুধ: ৫০০ মিলি
ঘি: ২ টেবিলচামচ
চিনি: স্বাদমতো
কাজুবাদাম: ২ টেবিলচামচ
আমন্ড: ২ টেবিলচামচ
মাখানা: ২ টেবিল চামচ
প্রণালী:
আপেল ভালো করে ধুয়ে নিন। এরপর খোসা ছাড়িয়ে গ্রেটারে কুরিয়ে নিন। কড়াইয়ে ২ টেবিল চামচ ঘি গরম করে তাতে কোরানো আপেল দিয়ে দিন। স্বাদ অনুযায়ী চিনি মিশিয়ে কম আঁচে প্রায় ৫ মিনিট ফুটতে দিন। আপেলের রং হালকা সোনালি হয়ে এলে আঁচ বন্ধ করে দিন। এরপর তা সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। অন্য একটি পাত্রে দুধ বসিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। এবার গুঁড়ো করা কাজুবাদাম, আমন্ড আর মাখানা দুধে দিয়ে কয়েক মিনিট ফুটতে দিন। একেবারে মিহি গুঁড়ো করার বদলে দানা-দানা রাখলে স্বাদ আরও বেশি খোলতাই হয়। মাখো মাখো কোরানো আপেল ও চিনির মিশ্রণটি সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিন।
একেবারে সমস্তটা দেবেন না, তাতে মিশ্রণ দলা পাকিয়ে যেতে পারে। দেওয়া মাত্র, দ্রুত হাতে নাড়তে থাকুন যাতে মিশ্রণটি সঠিকভাবে মিশতে পারে। কম আঁচে ৫ থেকে ১০ মিনিট ফুটতে দিন এভাবেই। আপেলে এমনিতেই কিছুটা টক ভাব থাকে। তাই গরম দুধে সরাসরি আপেল মেশালে দুধ কেটে যাওয়ার আশঙ্কা থাকে। এই সমস্যা এড়াতে রান্না করা আপেল সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরেই তা দুধের সঙ্গে মেশাবেন। মাখো মাখো হয়ে এলে, সুন্দর গন্ধ বেরোলে ও সমস্ত উপকরণ পর্যাপ্ত পরিমাণে মিশলে বুঝতে হবে পায়েস তৈরি।

তরমুজের খোসার পায়েস
দুধ: ১ প্যাকেট
মিল্কমেইড: স্বাদমতো
তরমুজের খোসা: ১টি বড় তরমুজের
ড্রাইফ্রুটস: ১৫০ গ্রাম
চিনি: স্বাদমতো
প্রণালী:
তরমুজে খোসা আলাদা করে গ্রেট করে নিন। এবার একটি কড়াইতে দুধ দিয়ে ফুটিয়ে নিন। সামান্য ঘন হয়ে গেলে মিল্কমেইড দিন। ভালো করে নাড়াচাড়া করুন। এবার চিনি মেশান। দুধ ঘন হয়ে গেলে তরমুজের খোসা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলুন। এরপর একটি বাটিতে তরমুজের খোসার পায়েস ঢেলে রাখুন। তারপর ড্রাইফ্রুটস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation