পুজোয় ভুরিভোজের পর পেট বিগড়েছে? বদহজম নাকি ফুড পয়জনিং, জানুন তফাত
West Bengal 08 Oct 2026, 07:21 PM

পুজোয় ভুরিভোজের পর পেট বিগড়েছে? বদহজম নাকি ফুড পয়জনিং, জানুন তফাত

S
Sangbad Pratidin
@sangbadpratidin
উৎসব মানেই পাতে একের পর এক পছন্দের খাবার। ভাজাভুজি, তেল-মশলার পদ, মিষ্টি, রেস্তরাঁর খাবার, তার উপর কখনও একসঙ্গে একটু বেশি খাওয়া। তারপরই পেট ভার, অম্বল, পেট ফাঁপা বা বমি বমি ভাব। কিন্তু এই অস্বস্তি হলেই কি ধরে নিতে হবে ফুড পয়জনিং হয়েছে? একেবারেই নয়। অনেক সময় উৎসবের অতিরিক্ত খাওয়াদাওয়ার ফলেই হয় বদহজম। তবে কিছু উপসর্গ আবার খাবার থেকে সংক্রমণের ইঙ্গিত দিতে পারে।
খান, তবে অতিরিক্ত নয়। ছবি: সংগৃহীত
বেশি খেলে পেট কেন বিগড়ায়?
বদহজম বা ডিসপেপসিয়া মূলত পেটের উপরের অংশে নানা ধরনের অস্বস্তির সমষ্টি। খাওয়ার পর পেট ভার লাগা, পেট ফাঁপা, ঢেঁকুর, অম্বল, বমি বমি ভাব বা অল্প খেয়েই পেট ভরে যাওয়ার মতো সমস্যা হতে পারে।
উৎসবের সময়ে হঠাৎ বেশি খাওয়া, তেল-চর্বিযুক্ত খাবার, দ্রুত খাওয়া এবং খাবারের সময়ের অনিয়ম এই সমস্যা বাড়িয়ে দেয়। চিকিৎসকদের মতে, উৎসবের সময়ে বেশি খাওয়া এবং ভারী খাবারের কারণে বদহজমে পেট ফাঁপা, অম্বল, পেট ভার বা ঢেঁকুর হতে পারে। বিশ্রাম, পর্যাপ্ত জল পান এবং হালকা খাবারে অনেক সময় এই সমস্যা কমে যায়।
ফুড পয়জনিং হলে কী হয়?
দূষিত খাবার বা জল থেকে ক্ষতিকর ব্যাকটেরিয়া, ভাইরাস, পরজীবী বা টক্সিন শরীরে ঢুকলে হতে পারে ফুডবর্ন ডিজিজ। তখন শুধু পেট ভার নয়, বারবার বমি, ঘন ঘন জলের মতো পায়খানা, পেটে মোচড়, জ্বর, কাঁপুনি এমনকী পায়খানায় রক্তও দেখা দিতে পারে।
খাবারে থাকুক নিয়ন্ত্রণ, না হলে আনন্দই মাটি। ছবি: সংগৃহীত
খাবার খাওয়ার পরই কি শুরু হয়?
সব সময় নয়। ফুড পয়জনিংয়ের উপসর্গ কখন শুরু হবে, তা নির্ভর করে কোন জীবাণু বা টক্সিনের কারণে সমস্যা হয়েছে তার উপর। কোনও ক্ষেত্রে কয়েক ঘণ্টার মধ্যেই সমস্যা শুরু হতে পারে, আবার কোনও সংক্রমণে দু’-তিন দিনও লাগতে পারে।
তাই যে খাবারটি সবশেষে খেয়েছেন, সেটিই সমস্যার কারণ, এমনটা ধরে নেওয়া ঠিক নয়। শুধু উপসর্গ শুরুর সময় দেখে ফুড পয়জনিং নিশ্চিত করাও সম্ভব নয়।
পার্থক্য বুঝবেন কীভাবে?
বেশি খাওয়ার পর যদি মূল সমস্যা হয় পেট ফাঁপা, ঢেঁকুর, অম্বল, পেট ভার বা পেটের উপরের দিকে হালকা অস্বস্তি, তাহলে বদহজমের সম্ভাবনাই বেশি। সাধারণত সময়ের সঙ্গে এই সমস্যা কমে আসে।
অন্যদিকে বারবার বমি, ঘন ঘন পাতলা পায়খানা, তীব্র পেটে মোচড়, জ্বর, কাঁপুনি, পায়খানায় রক্ত বা মাথা ঘোরা ও প্রস্রাব কমে যাওয়ার মতো ডিহাইড্রেশনের লক্ষণ থাকলে সতর্ক হতে হবে।
উৎসবে ঝুঁকি বাড়ে কেন?
উৎসবের সময়ে একসঙ্গে অনেকটা খাবার তৈরি হয়। দীর্ঘক্ষণ বাইরে রাখা, ঠিকমতো ফ্রিজে না রাখা, গরম না করা বা একাধিক মানুষের হাতে খাবার পরিবেশনের ফলে দূষণের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে বুফের খাবারে সতর্ক থাকা জরুরি।
পেটের সুস্থতায় খাবারে থাকুক লাগাম। ছবি: সংগৃহীত
বমি-ডায়রিয়া হলে কী করবেন?
বারবার বমি বা ডায়েরিয়া হলে শরীর থেকে জল ও ইলেক্ট্রোলাইট বেরিয়ে যায়। তাই অল্প অল্প করে বারবার জল বা ওআরএস পান করতে হবে। নিজের ইচ্ছায় অ্যান্টিবায়োটিক শুরু করবেন না, কারণ সব ফুডবর্ন ডিজিজের চিকিৎসায় অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় না।
আর বমি হয়ে চলা, ডায়েরিয়া গুরুতর আকার নেওয়া, পায়খানায় রক্ত, জ্বর, মাথা ঘোরা বা প্রস্রাব কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।
উৎসবের মরশুমে পেট খারাপ মানেই ফুড পয়জনিং নয়। পেট ভার বা অম্বল হলে হয়তো একটু বেশি খাওয়ার মাশুল। কিন্তু বমি, ডায়েরিয়া, জ্বর বা ডিহাইড্রেশনের লক্ষণ থাকলে বিষয়টি আর শুধু ‘বদহজম’ বলে এড়িয়ে যাবেন না।
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation