গোঘাটে পরপর ছয় দোকানে চুরি, শীতের রাতে দোকানে গ্যাস জ্বালিয়ে ডিমভাজা-চা খেল চোর! তারপর…
West Bengal 27 Nov 2026, 07:06 PM

গোঘাটে পরপর ছয় দোকানে চুরি, শীতের রাতে দোকানে গ্যাস জ্বালিয়ে ডিমভাজা-চা খেল চোর! তারপর…

S
Sangbad Pratidin
@sangbadpratidin
মধ্যরাতে একের পর এক দোকানে চুরি! ধকলে হয়তো শীতের রাতে খিদে পেয়ে গিয়েছিল চোরের। চুরির জন্য একটি দোকানে ঢুকে দেখতে পেয়েছিল সেখানে রান্নার সরঞ্জাম, গ্যাস, বাসনপত্র রয়েছে। আর একটু খুঁজে দেখতে পাওয়া যায় ডিম, চা পাতাও। শীতের মধ্যরাতে একটু ডিমভাজা-চা খেলে তো মন্দ হয় না। যেমন ভাবা তেমন কাজ। রীতিমতো রান্নার আয়োজন সেরে ফেলেন ওই ব্যক্তি। মুড়ির সঙ্গে ডিমভাজা সঙ্গে চা। সেই খেয়ে হাতসাফাই করে ফের অন্য দোকানে হানা। কিন্তু কী হল তারপর?
ঘটনাটি ঘটেছে, হুগলির গোঘাটের বেঙ্গাই চৌমাথা এলাকায়। ওই এলাকায় বেশ কিছু দোকানপাট রয়েছে। গতকাল, বৃহস্পতিবার মধ্যরাতে এক ব্যক্তি ওই এলাকায় চুরি করতে গিয়েছিল। একের পর এক দোকানে হানা দিয়ে জিনিসপত্র চুরি করে সে। তবে একটি দোকানে ঢুকে নজরে আসে গ্যাস, বাসন-কোসন। খুটিয়ে দেখে দোকানের মধ্যে ডিম, চা পাতাও পেতে যায় সে। অনেকক্ষণ খাটাখাটনি চলেছে। একটু চা খেয়ে নিলেও ত মন্দ হয় না!
ব্যাস, যেমন ভাবা তেমন কাজ। শুরু হয় ডিমের অমলেট আর চা বানানো। দোকানের অ্যাডবেসটসের চাল ভেঙে ভিতরে ঢুকেছিল ওই ব্যক্তি। অতি সন্তর্পণে দোকানের ভিতর থাকা গ্যাস জ্বালিয়ে চলে ওই রান্না। তিনটি ডিম দিয়ে অমলেট বানানো হয়। মুড়ি দিয়ে জমিয়ে খাওয়া হয় ওই ডিমভাজা। সঙ্গে গরম চায়ে চুমুক। আয়েশ করে খাওয়াদাওয়া শেষ করে বাসনপত্র গুছিয়েও রাখে সে। রান্নার গ্যাসও নেভায়। সেখানে চুরি করে ফের পাশের একটি দোকানে চুরি করতে ঢুকেছিল সে। তবে এবার আর ভাগ্যপ্রসন্ন হয়নি। সেখানে চুরি করতে গিয়ে দোকানের ভিতরেই আটকে পড়েছিল সে।
বাইরে বেরনোর পথ না পেয়ে দোকানের পাশে দাঁড়িয়ে থাকে। শব্দ পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। দোকান খুলতেই ওই ব্যক্তিকে ভিতরে দেখা যায়। পাকড়াও করা হয় ওই ব্যক্তিকে। পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতের নাম রাজা বাউড়ি, বাড়ি তারকেশ্বর থানার কুলতেগড়ি এলাকায়। পুলিশের জিজ্ঞাসাবাদেই এইসব ঘটনা জানা গিয়েছে। নগদ টাকা থেকে একাধিক জিনিস ওইসব দোকান থেকে চুরি করা হয়েছিল বলে অভিযোগ। যে দোকানে ডিমভাজা-মুড়ি, চা খাওয়া হয়েছিল, সেখান থেকেও চুরি করেছিল পাঁচহাজার টাকা। চুরির টাকা-জিনিসপত্র উদ্ধার হয়েছে। চুরি করতে গিয়ে চোরের খাওয়াদাওয়ার ঘটনায় স্থানীয়রা রীতিমতো হতবাক।
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
15

Comments (0)

Login to join the conversation