মাছে-ভাতে মজেছিল সিন্ধু সভ্যতা! দানের পুরাবস্তু ঘিরে চর্চা
West Bengal 25 Nov 2026, 09:40 AM

মাছে-ভাতে মজেছিল সিন্ধু সভ্যতা! দানের পুরাবস্তু ঘিরে চর্চা

S
Sangbad Pratidin
@sangbadpratidin
মাছে-ভাতে মজেছিল সিন্ধু সভ্যতা! মাছের ঝোল থেকে মাছভাজা, এমনকী, মাছের কাবাব রান্নার কৌশলও জানা ছিল হরপ্পা-মহেঞ্জোদারোর বাসিন্দাদের। মেনুতে ছিল শুঁটকি মাছও। সম্প্রতি দানে পাওয়া সিন্ধু সভ্যতার কিছু দুর্লভ সামগ্রী প্রাচীন এই সভ্যতার ‘মৎস্যপ্রীতি’-কে নতুন করে সামনে এনে দিল। সোমবার কলকাতার মওলানা আজাদ কলেজের ‘সেন্টেনারি আর্কাইভাল গ্যালারি অ্যান্ড মিউজিয়াম’-এ সিন্ধু সভ্যতার বেশ কিছু প্রাচীন পুরাবস্তু দান করেন বিশিষ্ট গবেষক সন্দীপানি ভট্টাচার্য (দীপন ভট্টাচার্য)।
এর মধ্যে রয়েছে মাছ ধরার জালে ব্যবহারের জন্য পোড়ামাটির দু’টি জালকাঠি (নেট সিঙ্কার), পোড়ামাটির চুড়ি, মৃৎপাত্রের টুকরো এবং উনুনে ব্যবহারের উপযোগী কেক’। ‘পোড়ামাটির এই জালকাঠি নিয়ে বলতে গিয়েই সন্দীপানিবাবু জানান, হরিয়ানায় খননকার্যের সময় অনেকটা এলাকা জুড়ে এগুলি পাওয়া গিয়েছিল। তা থেকেই স্পষ্ট, সিন্ধু সভ্যতায় প্রচুর জেলেপাড়া ছিল এবং জেলেরা মূলত জাল ও তামা-ব্রোঞ্জের বড়শি দিয়ে মাছ ধরতেন। তাঁর মতে, এই জালকাঠিগুলি রহস্যময় সরস্বতী নদীর অস্তিত্বের সম্ভাবনাকেও নতুন করে জাগিয়ে তুলেছে।
কলেজের সমাজতত্ত্ব বিভাগ, আইকিউএসি এবং মিউজিয়ামের যৌথ উদ্যোগে আয়োজিত বিশেষ বক্তৃতাসভায় ড. নিরঞ্জন গোস্বামীর সভাপতিত্বে সন্দীপানিবাবু বলেন, “সিন্ধু সভ্যতা বিলুপ্ত হয়ে যায়নি, তা আজও ভারতীয় জীবনধারায় বেঁচে আছে।” তিনি শাঁখা পরার প্রাচীন প্রথা ও সামুদ্রিক বাণিজ্যের প্রসঙ্গও টানেন। জানান, সিন্ধু সভ্যতার সমাধিতে শাখা পাওয়া গিয়েছে। সিঁদুরের অস্তিত্বও মিলেছে। সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক ও রাসায়নিক গবেষণাও সিন্ধু সভ্যতার এই রসনাতৃপ্তির কথা বলছে। হরপ্পা, মহেঞ্জোদারো ও লোখালে প্রচুর মাছের কাঁটা মিলেছে।
গম-যবের রুটি প্রধান খাবার হলেও, গুজরাত ও হরিয়ানায় ধানচাষের প্রমাণ থাকায় মাছ-ভাতের চল থাকার সম্ভাবনা প্রবল। আইআইটি গান্ধীনগর ও কেরালা বিশ্ববিদ্যালয়ের মৃৎপাত্র বিশ্লেষণে দেখা গেছে, তারা আদা-রসুন-হলুদ বাটা দিয়ে মাছের ঝোল, সরিষা বা তিলের তেলে মাছ ভাজা এবং আগুনে ঝলসানো মাছের কাবাব খেতেন। এমনকী, উপকূল থেকে দূরে হরপ্পাতে সামুদ্রিক মাছের হাড় মেলায় রোদে শুকিয়ে ও লবণ মাখিয়ে শুঁটকি তৈরির প্রযুক্তির প্রমাণও মিলেছে।
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
4

Comments (0)

Login to join the conversation