বাগুইআটির পুকুরে ভাসছে মহিলার দেহ, খুন নাকি অন্য কিছু?
West Bengal 07 Nov 2026, 02:56 PM

বাগুইআটির পুকুরে ভাসছে মহিলার দেহ, খুন নাকি অন্য কিছু?

S
Sangbad Pratidin
@sangbadpratidin
পুকুরে ভাসছে এক মহিলার দেহ। এলাকার বাসিন্দারা সাতসকালে ওই পুকুরে স্নান করতে এসে ওই ঘটনা দেখে আঁতকে ওঠেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কলকাতার কাছে বাগুইআটিতে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মৃতদেহ উদ্ধার করেছে। এদিন বেলা পর্যন্ত ওই মহিলার পরিচয় জানা যায়নি। খুন নাকি অন্য কিছু? সেই বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
বাগুইপাড়া এলাকায় ওই পুকুর রয়েছে। স্থানীয়রা ওই পুকুরে স্নানও করেন। আজ, সকালে কয়েকজন সেখানে স্নান করতে গিয়েছিলেন। তাঁরাই দেখতে পান, পুকুরের জলে এক মহিলার দেহ ভাসছে। কালীপুজোর আগের দিন সকালে ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় বাগুইআটি থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। কিছু সময় পরে ওই দেহ জল থেকে তোলা হয়।
পুলিশ জানিয়েছে, মৃতার বয়স ৫০ থেকে ৫৫ বছর বয়সের মধ্যে। তিনি স্থানীয় নন বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, প্রায় ২৪ ঘণ্টা আগে ওই মহিলা জলে তলিয়ে যেতে পারেন। পরে জলের উপরে দেহ ভেসে উঠেছে। কিন্তু কীভাবে ওই মৃত্যু হল? খুন নাকি আত্মহত্যা? সেই বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দেহ ময়নাতদন্তের জন্য আর জি কর হাসপাতালে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট হাতে এলেই মৃত্যুর স্পষ্ট কারণ জানা যাবে। মৃতার পরিচয় জানার চেষ্টা চলছে। আশপাশের এলাকাতেও খোঁজখবর করা হচ্ছে। পুজোর আগের দিন এই দেহ উদ্ধার ঘিরে বাগুইপাড়া এলাকায় চাপা আতঙ্ক রয়েছে স্থানীয়দের মধ্যে।
 
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation