কলকাতার অনাথ আশ্রমে বিনামূল্যে খেলা শেখাবেন সৌরভ, প্রতিভাবানদের জন্য থাকবে স্কলারশিপও
West Bengal 26 Oct 2026, 02:06 PM

কলকাতার অনাথ আশ্রমে বিনামূল্যে খেলা শেখাবেন সৌরভ, প্রতিভাবানদের জন্য থাকবে স্কলারশিপও

S
Sangbad Pratidin
@sangbadpratidin
ভারতের জার্সি গায়ে দীর্ঘদিন টেবল টেনিস খেলেছেন।
কমনওয়েলথ গেমসে পদকজয়ী কনিষ্ঠতম প্যাডলার তিনি। অবসরের পর জাতীয় দলে কোচ হিসেবেও দায়িত্বে আছেন। পরপর দুই এশিয়ান গেমসে ভারতের পদকপ্রাপ্তির নেপথ্যে অন্যতম অনুঘটক।
এবার অনাথ আশ্রমের আবাসিকদের বিনামূল্যে খেলা শেখানোর মতো পদক্ষেপও করতে চলেছেন তিনি।
তিনি, অর্থাৎ সৌরভ চক্রবর্তী। ১ নভেম্বর উত্তর কলকাতার ‘দ্য রেফিউজ’ অনাথ আশ্রমে শুরু হতে চলেছে ‘ক্লাব স্কুল অফ টেবল টেনিস’। যেখানে প্রধান কোচ হিসেবে দায়িত্বে থাকছেন এই বঙ্গ প্যাডলার। এই সেন্টারকে দেশের অন্যতম সেরা টেবল টেনিস অ্যাকাডেমি গড়ে তোলাই লক্ষ্য সৌরভের। তবে আশ্রমের আবাসিকদের কথাও মাথায় রাখছেন তিনি। তাই ঠিক করেছেন, বিনামূল্যে শেখাবেন আগ্রহী আবাসিকদের। এ প্রসঙ্গে সৌরভের বার্তা, “ওখানে সেন্টার চালুর সিদ্ধান্ত নেওয়ার সময়ই ঠিক করে রেখেছিলাম, আবাসিকদের থেকে কোনও অর্থ নেওয়া হবে না। ওরা পুরোপুরি বিনামূল্যে টেবল টেনিস শেখার সুযোগ পাবে। নিয়মিত শিক্ষার্থীদের মতো যত্ন করেই আমরা ওদের শেখাব।” সৌরভ দীর্ঘদিন ধরেই বিভিন্ন এনজিওর সঙ্গে যুক্ত। সেই অভিজ্ঞতাও তাঁর এহেন সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে।
জাতীয় টিটি কোচ সৌরভ চক্রবর্তী।
আশ্রমে জাতীয় কোচের এই অ্যাকাডেমিতে থাকছে মোট আটটি টেবল। আশ্রমের আবাসিকদের মধ্যে প্রতিভার খোঁজ পেলে, তাদের উন্নতির ক্ষেত্রে সাহায্যও করবেন সৌরভ। “যদি কোনও ভালো প্যাডলার উঠে আসে, তবে সবরকম সাহায্য করব। প্রয়োজনে স্কলারশিপ কিংবা স্পনসর খুঁজে দেওয়ার দায়িত্বও আমরা নেব। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যদি কেউ প্রতিভাবান হয় এবং আর্থিক সমস্যা থাকে, তার ক্ষেত্রে এমন পদক্ষেপ করা হবে।” এছাড়াও বড়বাজারের যুবক সংঘে চালু হচ্ছে অ্যাকাডেমির শাখা। সেখানে প্রাথমিকভাবে থাকছে চারটি টেবল। সৌরভের দাবি, ক্লাব কর্তৃপক্ষ আরও একটি ফ্লোর তৈরি করছেন। সেক্ষেত্রে টেবলের সংখ্যাও বাড়বে। দেশের প্রতিষ্ঠিত প্যাডলাররা চাইলে অনুশীলন করতে পারবেন উত্তর কলকাতার দুই সেন্টারে, জানিয়েছেন সৌরভ।
এই সেন্টারেই চালু হচ্ছে সৌরভ চক্রবর্তীর নতুন অ্যাকাডেমি। ছবি: অপ্রতিম পাল
প্রাথমিকভাবে দুই কেন্দ্র মিলিয়ে চারজন কোচ নিয়োগ করা হচ্ছে। এরমধ্যে দু’জন পুরোদমে প্রাথমিক পর্যায়ের প্যাডলারদের শেখাবেন। কোচ সৌরভের তৈরি করে দেওয়া রুটিন অনুযায়ী চলবে প্রতিদিনের অনুশীলন পর্ব। তাঁর কথায়, “প্রত্যেক শিক্ষার্থীর প্রতিভা ও দক্ষতাকে মাথায় রেখে রুটিন তৈরি হবে। প্রত্যেকের জন্য ভিন্ন রুটিন। কোচরা সেই মতো শেখাবেন। জাতীয় দলের সঙ্গে বাইরে গেলেও পুরো প্রক্রিয়ার উপর নজর রাখব।” শিক্ষার্থীর সংখ্যা বাড়লে সেই মতো নিয়োগ করা হবে নতুন কোচও। এই অ্যাকাডেমিতে মুখ্য পরামর্শদাতা হিসেবে যুক্ত আছেন প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন মোনালিসা বড়ুয়া মেহতা।
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation